নথির ভুলে হেয়ারিংয়ের নোটিশ, মুম্বাই থেকে সিউড়ীতে এসে অসুস্থ মহিলা পরিযায়ী শ্রমিক
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম: নথিপত্রে বাবার নামের সামান্য ভুলের জেরে হেয়ারিংয়ের নোটিশ পেয়ে সুদূর মুম্বাই থেকে বীরভূম জেলার সিউড়ীতে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শুক্রবার এক মহিলা পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ী ১ নম্বর ব্লক এলাকায়। অসুস্থ ওই মহিলার নাম সাহারা বিবি। তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, নথিতে বাবার নামের গরমিল ধরা পড়ায় সাহারা বিবির নামে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ অনুযায়ী হাজিরা দিতেই বহু কষ্টে মুম্বাই থেকে সিউড়ীতে আসেন তিনি। শুক্রবার সিউড়ী ১ নম্বর ব্লকে চলা হেয়ারিংয়ে অংশ নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন সাহারা বিবি। দীর্ঘ যাত্রার ধকল, শারীরিক দুর্বলতা এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এই ঘটনা দেখে হেয়ারিংয়ে উপস্থিত অন্যান্য সাধারণ মানুষ ও প্রশাসনিক কর্মীদের মধ্যে তৎপরতা দেখা যায়। দ্রুত ব্লক প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয় এবং ব্লক অফিসের গাড়িতেই সাহারা বিবিকে সিউড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও দুর্বলতার কারণেই তাঁর এই অসুস্থতা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, নথিগত ত্রুটির জন্য একজন দরিদ্র পরিযায়ী শ্রমিককে এত দূর থেকে হাজিরা দিতে বাধ্য করা কতটা যুক্তিসঙ্গত, তা ভেবে দেখা প্রয়োজন। বিশেষ করে যাঁরা ভিনরাজ্যে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে হেয়ারিং বা যাচাইয়ের প্রক্রিয়ায় আরও মানবিক ও সহজ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মত প্রকাশ করছেন অনেকে। পরিযায়ী শ্রমিকদের জীবনের বাস্তবতা ও প্রশাসনিক ত্রুটির বোঝা— এই দুইয়ের সংঘাতে সাহারা বিবির অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রশাসনের কাছে এক বড় সতর্কবার্তা বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।







