কীর্ণাহারে দুঃসাহসিক ডাকাতি; সোনার দোকানে লুটপাট করে বোমাবাজি
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম: বুধবার ভর সন্ধ্যায় বীরভূম জেলার কীর্ণাহার এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে ছোট চার চাকার গাড়িতে করে সাত থেকে আট জনের একটি দুষ্কৃতী দল এসে হঠাৎই দোকানে ঢুকে পড়ে। দোকানের ভেতরে ঢুকেই তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানদার ও কর্মচারীদের ভয় দেখিয়ে লুটপাট চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যেই গোটা বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা ক্রেতারাও প্রাণভয়ে নড়াচড়া করতে পারেননি। দুষ্কৃতীরা কতটা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে, তা এখনো স্পষ্ট নয়। লুটপাট চালিয়ে বেরোনোর সময় দুষ্কৃতীরা এলাকা জুড়ে বোমাবাজি করতে করতে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুষ্কৃতীদের ধাওয়া করে। তবে অন্ধকার ও ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ রাত পর্যন্ত তল্লাশি চালালেও তাদের কোনো সন্ধান পায়নি। সোনার দোকানের মালিক বাপ্পা কর্মকার জানান, হঠাৎ করেই দুষ্কৃতীরা দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। প্রাণের ভয়ে কেউই কোনো প্রতিবাদ করতে পারেননি। তিনি জানান, দোকানের বড় ক্ষতি হয়েছে এবং তিনি এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কীর্ণাহার ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বুধবার সন্ধ্যার পর বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কীর্ণাহার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের ধরতে জোরদার তল্লাশি অভিযান চলছে।








