মাছ কাটা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি, আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী
নতুন পয়গাম, নদীয়া:
নদিয়ার থানারপাড়ার নারায়ণপুরে বাড়ি থেকে দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই ছাত্রীর নাম মারিয়া খাতুন। বয়স ১৫ বছর, বাড়ি নারায়নপুরের হালসানা পাড়ায়।
সহপাঠীরা জানাচ্ছে, শুক্রবার একসঙ্গে স্কুলে যাবার কথা ছিল মারিয়ার। বান্ধবীরা স্কুলে যাবার জন্য তৈরি হবার পরেই শুনতে পায় এই মর্মান্তিক ঘটনা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িতে মাছ কাটা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় মারিয়ার। তারপরেই নিজের ঘরে গিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দশম শ্রেণীর ওই পড়ুয়া। তাকে উদ্ধার করে নতিডাঙা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। দেহটি উদ্ধার করে থানারপাড়া থানার পুলিশ। এদিকে থানা চত্বরে ভিড় করে কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবার।
জানা গেছে, দিন কুড়ি আগে তারই সহপাঠী সুরাইয়া খানমেরও বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুরাইয়ার বাড়ি নারায়নপুরের মাঠপাড়ায়। দুজনেই নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। কয়েক সপ্তাহের মধ্যে একই গ্রামের দুই বান্ধবীর আত্মঘাতির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।








