বাঙালি নির্যাতন: রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন অধীর
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর:
দেশজুড়ে বাঙালিদের উপর হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে অভিযোগ জানাতে এবার সরাসরি রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করতে যাচ্ছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আগামী ১০ সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে গোটা ঘটনায় তাঁর দ্রুত কার্যকর হস্তক্ষেপের দাবি জানাতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও লোকসভার প্রাক্তন দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
বিজেপি শাসিত প্রায় সব রাজ্য থেকেই আসছে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশী তকমা দিয়ে বাঙালিদের হেনস্তা, মারধর, ধরপাকড়ের অভিযোগ। বেশ কিছু ক্ষেত্রে শুধু সন্দেহের বশে দেশ থেকে বার করে দেওয়া বা পুশব্যাকের মতো ঘটনাও ঘটেছে। যাদেরকে পুশব্যাক করা হয়েছে, তাদের আবার বাংলাদেশের আইন মোতাবেক গ্রেপ্তার করাও হয়েছে। যার রেশ গড়িয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার এ বিষয়ে সরাসরি রাষ্ট্রপতির দরবারে হাজির হচ্ছেন অধীর।
এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, এত গুরুত্বপূর্ণ, জ্বলন্ত ও সংবেদনশীল বিষয়ের কীভাবে সমাধান করা যায়, সেটাই আমার মূল লক্ষ্য। এই কাজ সার্বিকভাবে করব। যারা এটা নিয়ে রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে, তারা কাজের কাজ না করে শুধু গিমিক দিয়ে যাচ্ছে। তার ইংগিত তৃণমূল কংগ্রেসের দিকে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্যুতে শুরু থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার সম্প্রতি এ নিয়ে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছে এবং সেই কাজ তিন জেলায় শুরুও হয়েছে।








