ফুলের মালা দিয়ে নথির বোঝা মাথায় নিয়ে হেয়ারিংয়ে ভাঙড়ের যুবক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ
নতুন পয়গাম, সাহিনুর ইসলাম, ভাঙড়: এসআইআর (SIR) এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বুধবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সোনপুর এলাকার বাসিন্দা মোঃ অহিদুল ইসলাম কারবালা হাইস্কুলে অনুষ্ঠিত শুনানিতে হাজির হন এক অভিনব প্রতিবাদে। মাথায় ফুলের মালা পরানো একাধিক ফাইল নিয়ে প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে তিনি শুনানিস্থলে পৌঁছান। অহিদুল ইসলামের অভিযোগ, তথাকথিত “লজিক্যাল ডিসক্রিপেন্সি”র অজুহাতে একের পর এক নথিপত্র চেয়ে সাধারণ মানুষকে অযথা ভোগান্তির মুখে ফেলা হচ্ছে। তাঁর দাবি, সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বারবার শুনানিতে ডেকে মানুষকে হয়রানি করা হচ্ছে। শুনানিতে অংশ নিতে তিনি তাঁর সঙ্গে জন্ম সার্টিফিকেট, ট্যাক্স সংক্রান্ত নথি, জিএসটি কাগজপত্র, ভোটার কার্ড, আধার কার্ড-সহ প্রয়োজনীয় সমস্ত সরকারি নথি বহন করে আনেন। ফুলের মালা দিয়ে ফাইল সাজিয়ে মাথায় বহন করার মাধ্যমে তিনি এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।
অহিদুল ইসলামের আরও দাবি, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে বিশেষভাবে মুসলিম সমাজকে হেয় প্রতিপন্ন করা এবং পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের এই কর্মসূচি উদ্দেশ্যপ্রণোদিত এবং অবিলম্বে তা বন্ধ করা প্রয়োজন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ঘটনাটি ঘিরে এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে।








