সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে রাশ বিহারে
নতুন পয়গাম, পাটনা: সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া বা সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কঠোর অনুশাসন জারি করল বিহারের নীতীশ কুমার সরকার। এখন থেকে ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হলে সরকারি কর্মীদের সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। বিহার সরকারের মন্ত্রিসভা এই সংক্রান্ত নতুন নির্দেশিকায় অনুমোদন দিয়েছে, যা নিচু তলার কর্মী থেকে শুরু করে ঊর্ধ্বতন আধিকারিক, সকলের জন্যই প্রযোজ্য করা হয়েছে।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, কোনো কর্মী বেনামে বা ভুয়ো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ব্যক্তিগত কোনো পোস্ট করার সময় কর্মীরা তাঁদের সরকারি পদমর্যাদা উল্লেখ করতে পারবেন না এবং সরকারের লোগো বা প্রতীক ব্যবহার করা থেকেও তাঁদের বিরত থাকতে বলা হয়েছে। ব্যক্তিগত মতামতের সঙ্গে সরকারি পদের যাতে সংঘাত না ঘটে, সেই উদ্দেশ্যেই ব্যক্তিগত পোস্টে অফিসিয়াল ইমেল আইডি বা ফোন নম্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।
বিহার সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো উস্কানিমূলক, অশ্লীল বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, এমন ছবি বা লেখা পোস্ট করা যাবে না। এমনকি সরকারি কোনো নীতি বা ঊর্ধ্বতন কোনো আধিকারিকের সমালোচনা করেও সোশ্যাল মিডিয়ায় সরব হওয়া যাবে না। সংবেদনশীল সরকারি বৈঠকের ছবি বা ভিডিও শেয়ার করা এবং সরকারের কোনো পোস্টে মন্তব্য করার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য সোশ্যাল মিডিয়া বন্ধ করা নয়; বরং কর্মীদের মধ্যে পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা।








