শেরশাবাদিয়া বিকাশ পরিষদের এসআইআর-এর প্রতিবাদ
নতুন পয়গাম, মালদা: এসআইআর ইস্যু সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ শেরশাবাদিয়া বিকাশ পরিষদের মালদা জেলা কমিটির উদ্যোগে মালদার জেলাশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। পরিষদের দাবি, এদিন মালদা জেলাশাসক প্রীতি গোয়েলের পক্ষে স্মারকলিপি জমা নেন ডেপুটি কালেক্টর কৌশিক ভট্টাচার্য। পরিষদের পক্ষে যে পাঁচটি দাবি তোলা হয়েছে তার অন্যতম হলো রাজ্যে চলমান এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা। লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির নামে হয়রানি অবিলম্বে বন্ধ করে খসড়া ভোটার তালিকাকে চূড়ান্ত গণ্য করার জোরালো দাবি তোলে পরিষদ। অন্যান্য দাবিগুলোর মধ্যে অন্যতম ওবিসি সংরক্ষণ ইস্যু। এই বিষয়ে পরিষদের বক্তব্য, শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে কোন পর্যাপ্ত কারণ ছাড়াই তাদেরকে ওবিসি বি তালিকায় নিয়ে যাওয়া অস্বচ্ছ ও উদ্দেশ্য প্রণোদিত। পরিষদের দাবি, শেরশাবাদিয়া জনজাতির উপর সমীক্ষা চালাতে হলে প্রতিটি জায়গায় এই জনজাতির যোগ্য প্রতিনিধি রাখতে হবে।
অবিলম্বে এই জনগোষ্ঠীকে ভূমিপুত্র ঘোষণা করতে হবে। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের অন্যান্য অংশে প্রায় কুড়ি লাখ শেরশাবাদিয়া জনগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠীর অধিকাংশই কৃষিজীবি ও পরিযায়ী শ্রমিক। এদের শিক্ষা, স্বাস্থ্য ও চাকুরি সহ সার্বিক উন্নয়নে শেরশাবাদিয়া উন্নয়ন পর্ষদ এবং ভাষা অ্যাকাডেমি গড়তে হবে। এদিনের ডেপুটেশন কর্মসূচির প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড.অলিউল্লা, সাধারণ সম্পাদক আরাফাত আলী, সম্পাদক ড. মাহফুজুর রহমান, মুখপাত্র ড.মুশারফ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাফিকুল আলম। সংগঠনের মালদা জেলা সভাপতি আরাফাত আলী বলেন, ২০২৬ এর নির্বাচনের আগে রাজ্য সরকার শেরশাদিয়া জনগোষ্ঠীর দাবিগুলো না মানলে ভোট বাক্সে এর জবাব দেওয়া হবে।








