যাত্রীক পত্রিকার সাহিত্যবাসর
আবু রাইহান, নতুন পয়গাম, মালদা:
উর্বর মাটির মতোই কালিয়াচকের মাটি সাহিত্যচর্চার ক্ষেত্রেও সমৃদ্ধ। গত ছয় দশক ধরে এখানে জন্ম নিয়েছে বহু সাহিত্যপত্রিকা, বেড়ে উঠেছে সাহিত্যপ্রেমী মানুষের অক্ষরের চাষবাস। এ মাটিকে ছুঁয়ে গেছেন পল্লীকবি জসীমউদ্দিন, এখানেই জন্ম আলকাপ শিল্পী দানেশ খালিফার। এখনও সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখেছেন কালিয়াচকের মানুষ, যদিও আগের তুলনায় তা কিছুটা কমে এসেছে।
এই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে রবিবার কালিয়াচক মাস্টারপাড়ায় যাত্রীক পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাহিত্যবাসর। স্লোগান ছিল— “যাত্রীকের যাত্রা দীর্ঘ, কিন্তু আয়োজন ছোট”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন এজাজুল হক, যাত্রীক পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট কবি আকমল হোসেন, কবি আলিউল হক, কবি আব্দুল মালেক, রাবিজুদ্দিন আহমেদ, প্রবীর বোস, রেজাউল করিমসহ একঝাঁক নবীন-প্রবীণ কবি ও সাহিত্যপ্রেমী। সবাই একে একে নিজেদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
যাত্রীক পত্রিকার সম্পাদক কবি আকমল হোসেন বলেন, “বর্তমানে ছাত্র-ছাত্রীরা পেশাভিত্তিক শিক্ষার দিকে ঝুঁকছে— ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন ইত্যাদির প্রতি আগ্রহ বাড়ছে। ফলে কবিতা, গল্প, গান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই। তবুও এখনো অনেক তরুণ রয়েছেন যারা সাহিত্যকে ভালোবাসে। মাঝেমধ্যে এ ধরনের ঘরোয়া সাহিত্য আয়োজন করলে আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীরা লেখালেখির প্রতি উৎসাহিত হবে। এতে কালিয়াচকের সাহিত্যচর্চার ধারাবাহিকতা অটুট থাকবে।”








