একলব্য হতে পারলেন না জাবিরি, তার গোলেই মেসির দেশকে হারিয়ে বিশ্বজয় মরক্কোর
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
সর্বশেষ ফুটবল বিশ্বকাপে প্রায় জেতার জায়গায় চলে এসেছিল নবাগত মরক্কো।যদিও চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল আশরাফ হাকিমি’দের।
তবে এবার আর খালি হাতে ফিরতে হল না,বড়দের আক্ষেপ মেটালেন ছোটরা।
মজার ব্যাপার হল-
কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল। স্টেডিয়ামের টানেলের প্রবেশমুখে দাঁড়িয়ে এক সাংবাদিক এদিনের নায়ক ইয়াসির জাবিরির কাছে তাঁর পছন্দের ফুটবলারের নাম জানতে চাইছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো নাকি মেসি?
তিনি বললেন – মেসি।
এবার সাংবাদিক একটু চালাকি করে জাবিরির স্বদেশি দুই ফুটবলারের নাম বললেন।
মেসি নাকি (আশরাফ) হাকিমি? মেসি নাকি (হাকিম) জিয়েশ?
কিন্তু প্রতিবারই জাবিরির উত্তর একই—মেসি।
তবে তিনি একলব্য হতে পারলেন না।একলব্য বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিলেন গুরু দ্রোণাচার্যের সম্মানার্থে।কিন্তু
মেসির অন্ধভক্ত জাবিরি জোড়া গোল করে আজ কাঁদালেন ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল আফ্রিকার দেশ মরক্কো।
ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডের মতো ফুটবলারদের ফুটবল বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। এই সিঁড়ি বেয়েই ওপরে উঠতে উঠতে তাঁরা বনে গেছেন তারকা। তাঁদের সঙ্গে এবার ইয়াসির জাবিরির নামটাও যোগ করতে পারেন।








