প্রেমঘটিত মানসিক আঘাতে যুবকের মৃত্যু, বসিরহাটে চাঞ্চল্য
নতুন পয়গাম, বসিরহাট: প্রেমের সম্পর্কে ভাঙন ও প্রাক্তন প্রেমিকার বিয়ের খবর মানসিকভাবে সহ্য করতে না পেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের ব্যাংক পুকুর এলাকায়। মৃতের নাম ইরফান আলী মণ্ডল (২২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিপুর এলাকার এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে ইরফানের সম্পর্ক ছিল। দু’জনের মধ্যে বিয়ের কথাবার্তাও চলছিল বলে দাবি পরিবারের। তবে পরবর্তীতে ওই তরুণী সম্পর্ক থেকে সরে দাঁড়ান এবং অন্যত্র বিয়ে ঠিক হয় বলে জানা যায়।
পরিবারের অভিযোগ, ওই বিয়ের খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে ইরফান। মঙ্গলবার গভীর রাতে তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে তরুণী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে ঠিক করে দেওয়ার ফলেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও সম্পর্কজনিত চাপ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। যদি আপনার বা পরিচিত কারও মনে তীব্র হতাশা বা আত্মঘাতী চিন্তা আসে, তবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, বিশ্বস্ত পরিবার-বন্ধু বা মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবার সঙ্গে দ্রুত যোগাযোগ করা জরুরি। সহায়তা চাওয়া দুর্বলতার নয়, সচেতনতার লক্ষণ।








