বাড়তি ওজনে দুশ্চিন্তা? মুশকিল আসান কমলালেবু
নতুন পয়গাম: শীত পড়লেই খাওয়া-দাওয়ায় অনিয়ম বেড়ে যায়। বিশেষ করে এই সিজনে বিয়েবাড়ি, পার্টি, পিকনিকের মাঝে ডায়েট নিয়মিত ঠিকঠাক রাখা বেশ কঠিন হয়ে পড়ে। ফলে এই সময় শরীরে জমা চর্বি কমতে চায় না, বরং ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। জিমে সময় বাড়ালেও বা কড়া ডায়েট ধরলেও শীতের অনিয়মের ভার অনেক সময়ই ঝরানো মুশকিল হয়।
![]()
পুষ্টিবিদরা জানাচ্ছেন, এমন সময় প্রতিদিনের খাবারে মাত্র একটি কমলালেবু রাখলেই মেদ কমাতে সাহায়ক হতে পারে। এই শীতের ফলটি ক্যালোরিতে খুব কম। একটি মাঝারি সাইজের কমলালেবুতে থাকে প্রায় ৫০ ক্যালোরি। এছাড়াও এতে থাকে ভিটামিন-সি, পটাশিয়াম, ফাইবার-সহ শরীরের দরকারি নানা উপাদান। সবচেয়ে বড় কথা, কমলালেবুর প্রায় ৮৭ শতাংশই জল। ফলে শীতে জল কম পান করার ফলে শরীরে যে জল ধরে রাখার প্রবণতা দেখা দেয়, কমলালেবু সেটাকে বাধা দেয়। এতে অকারণে শরীর ফুলে যাওয়ার সমস্যা কমে।

ফাইবার বেশি থাকায় কমলালেবু পেট ভরা রাখে, ফলে বারবার ভুল খাবার খেয়ে ফেলার প্রবণতাও কমে। ভিটামিন-সি শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যুকে ঠিক করে ত্বক ভাল রাখার পাশাপাশি শরীরকে টোনড থাকতে সাহায্য করে।
![]()
‘আমেরিকান কলেজ অব নিউট্রিশন’ এর গবেষণায় দেখা গিয়েছে, কমলালেবুর জল দ্রবণীয় বিশেষ ভিটামিন শরীরের ফ্যাট বার্নিং বা চর্বি পোড়ানোর ক্ষমতা বাড়ায়। গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত হওয়ায় জমে থাকা চর্বি ভাঙতে সময়ও কম লাগে। তাই শীতে ওজন বাড়ার ভয় থাকলে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই টক-মিষ্টি ফলটি।








