বিশ্বে প্রথম ‘এআই মন্ত্রী’ আলবেনিয়ায়
নতুন পয়গাম, তিরানা, ১৩ সেপ্টেম্বর:
সময়ের সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর জনপ্রিয়তা ও চাহিদা রকেট গতিতে বাড়ছে। এআই’কে কাজে লাগিয়ে নানা রকমের নিত্যনতুন উদ্ভাবন দেখা যাচ্ছে বিশ্বজুড়েই। এবার সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে এআই মন্ত্রী বানাল আলবেনিয়া সরকার। এই যন্ত্র-মানব মন্ত্রীর নাম দেওয়া হয়েছে ডায়েলা। বিশ্বে প্রথম এমন বেনজির নজির গড়ল আলবেনিয়া। সে দেশের প্রধানমন্ত্রী ঈদি রেমার কথায়, পিক্সেলস ও কোডিং দিয়ে তৈরি ডায়েলা দেশে দুর্নীতি দমনে বিশেষ ভূমিকা নেবে।
প্রধানমন্ত্রী আরো জানান, তাঁর সরকারের নতুন এআই মন্ত্রী ডায়েলা রক্ত-মাংসের মানুষ নন। মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেবে সে। আলবেনিয়াকে দুর্নীতিমুক্ত করতেই এই অভিনব পদক্ষেপ বলে জানান তিনি। কিন্তু হঠাৎ কেন এমন যন্ত্র-নির্ভর ভাবনা? তার উত্তরে জানা যায়, সাম্প্রতিককালে আলবেনিয়ায় বিভিন্ন সরকারি প্রকল্পকে কেন্দ্র করে নানারকম দুর্নীতি ধরা পড়ছে। আর্থিক প্রতারণা, তছরুপ, মাদক ও অস্ত্র পাচারের মতো গুরুতর অপরাধ মাথাচাড়া দিয়েছে। এসব রোধের লক্ষ্যেই বিশ্বে প্রথম এআই মন্ত্রী করল আলবেনিয়া সরকার। জানা গিয়েছে, সরকারি প্রকল্পের যাবতীয় নথিপত্রের স্বচ্ছতা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধ দমনে বিশেষ দায়িত্ব দেওয়া হবে এআই মন্ত্রী ডায়েলাকে। অবশ্য, ইতিমধ্যেই কয়েক মাস ধরে কাজ করছে এই যন্ত্র-মন্ত্রী। এবার তাকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ঈদি রেমা।








