রাশিয়ায় শুরু হলো ‘বিশ্ব পারমাণবিক সপ্তাহ’
নিরাপদ শক্তি ব্যবহারের ভবিষ্যৎ আলোচনায় বৈশ্বিক নজর
আন্তর্জাতিক ডেস্ক, মস্কো
নতুন পয়গামঃ
রাশিয়ার মস্কোতে শুরু হয়েছে ‘বিশ্ব পারমাণবিক সপ্তাহ’। রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তির উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে বৈশ্বিক জ্বালানিসংকট এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে শক্তির নিরাপদ ব্যবহারের উপায় নিয়ে আলোচনা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক, রাষ্ট্রপতি দপ্তরের প্রথম উপপ্রধান ও রোসাটম সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান সের্গেই কিরিয়েনকো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি, এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
নতুন প্রযুক্তি ও সহযোগিতায় ভবিষ্যতের দরজা
উপপ্রধানমন্ত্রী নোভাক বলেন, “ছোট আকারের রিঅ্যাক্টর, পারমাণবিক শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ নতুন দুয়ার খুলে দিচ্ছে। সবাইকে একসঙ্গে এই সুযোগ কাজে লাগাতে হবে।”
রোসাটমের মহাপরিচালক লিখাচেভ বলেন, “ভবিষ্যতের দিকে একসঙ্গে এগোনোর ক্ষেত্রে পারমাণবিক শক্তির বিকল্প নেই। এটি পরিবেশবান্ধব শক্তির ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি পারমাণবিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান কিরিয়েনকো বলেন, “রাশিয়া ও রোসাটম অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে, প্রযুক্তি ভাগাভাগি ও যৌথ উদ্যোগে কাজ করার নীতি গুরুত্বপূর্ণ। মানুষের সমৃদ্ধি, নিরাপত্তা ও কল্যাণ আনতে আধুনিক প্রযুক্তি বিকশিত হওয়া উচিত—নিষেধাজ্ঞা নয়।”
বিশ্বজুড়ে শক্তির নিরাপদ ব্যবহার
আইএইএ মহাপরিচালক গ্রোসি বলেন, “বিশ্বজুড়ে রাজনীতিবিদ, নীতিনির্ধারক, আর্থিক ব্যবস্থাপক ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের বিষয়ে আলোচনা করেছি। পারমাণবিক শক্তিই ভবিষ্যতের প্রবৃদ্ধি ও উন্নয়নের মূল উপাদান।”
উদ্বোধনী দিনের প্রথমেই বিভিন্ন হলে অনুষ্ঠিত হয় পারমাণবিক বিদ্যুৎ, নবায়নযোগ্য শক্তি এবং ফিউশন প্রযুক্তি নিয়ে আলোচনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধাপে ধাপে ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী এসব সেশনে অংশ নেন। আয়োজন চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
নিরাপদ ও টেকসই জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক শক্তির ভূমিকা
বিশেষজ্ঞরা জানান, শুধু সৌর ও বায়ুশক্তি নয়, সমন্বিতভাবে পারমাণবিক শক্তির ব্যবহারই ভবিষ্যতের নিরাপদ ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে পারে। পারমাণবিক বিদ্যুৎ গ্রিডে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ করবে এবং সবুজ জ্বালানি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাশিয়া ফিউশন এনার্জির ওপরও কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ফিউশন আয়ত্তে আসে, এটি মানবজাতির নিরাপদ ও সীমাহীন শক্তির উৎস হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ জনবল ও নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করার গুরুত্বেও আলোচনা হয়।
ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা SMR (Small Modular Reactor) প্রযুক্তি তৈরি করে রাশিয়া প্রত্যন্ত অঞ্চল, ছোট শহর বা শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহে নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে আন্তর্জাতিক নিরাপত্তা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও জরুরি বলে বক্তারা মনে করেন।








