নেতানিয়াহুকে থামাতে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: এরদোগান
নতুন পয়গাম, জোহানেসবার্গ:
তুরস্কের প্রেসিডেন্ট রিজব তৈয়ব এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের বিরুদ্ধে আরও জোরালো ও ঐক্যবদ্ধ কূটনৈতিক পদক্ষেপ করার আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় চলমান পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব যদি দৃঢ় ও ধারাবাহিক নিষেধাজ্ঞা প্রয়োগে করে, তবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে থামানো সম্ভব। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন, গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশের পাশাপাশি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি।
তিনি এও বলেন, ইসরাইলের সব ধরনের উসকানি, যুদ্ধবিরতি লংঘন করে হত্যালীলা চালিয়ে যাওয়ার পরও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি মেনে চলছে। কিন্তু একতরফা যুদ্ধবিরতি তো কাম্য নয়। ধৈর্যের বাঁধ ভাঙলে হামাস প্রতিক্রিয়া দেখাতে পারে। তখন বিশ্ব কীভাবে বিষয়টিকে নেবে? এরদোগানের কথায়, জাতীয় নিরাপত্তা নিয়ে আপসের কোনো সুযোগ নেই। ১০ অক্টোবর মিশরে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২৮ দফা গাজা শান্তি প্রস্তাব সম্পর্কে এরদোগান এদিন বলেন, প্রস্তাবটি যদি দুই পক্ষের বৈধ প্রত্যাশা পূরণ করে, তবে সমঝোতায় পৌঁছানো সম্ভব।








