দংশিত হয়ে সাপ ধরে নিয়েই হাসপাতালে! চাঞ্চল্য ধূপগুড়ি মহকুমা হাসপাতালে
প্রীতিময় সরখেল
নতুন পয়গাম, ধূপগুড়ি: অদ্ভুত এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন এক মহিলা, আর সাপটি বিষধর কি না জানতে সেটিকেও সঙ্গে করে নিয়ে আসেন হাসপাতালে! ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ঝাড় শালবাড়ি এলাকায়। সাপের কামড়ে আক্রান্ত মহিলার নাম দুলালী দাস (২৮)। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজের দোকানে বসে ছিলেন দুলালী। হঠাৎ হাতের আঙুলে ব্যথা অনুভব করে দেখেন রক্তপাত হচ্ছে। আতঙ্কিত হয়ে দোকানে খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি দেখতে পান একটি ছোট সাপ দোকানের জিনিসপত্রের উপর দিয়ে ঘুরছে।
সাহস করে সাপটিকে একটি প্লাস্টিকের কৌটায় ভরে নিয়ে তিনি ছুটে যান ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক কল্লোল কর যখন জানতে চান, “কোন সাপ কামড়েছে?”, তখন দুলালী ও তাঁর পরিবার কৌটা খুলে সাপটি দেখান। মুহূর্তেই হতভম্ব হয়ে যান চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা।
পরবর্তীতে জানা যায়, সাপটি আসলে নির্বিষ পঙ্খিরাজ সাপ (Trinket Snake)। চিকিৎসক কল্লোল কর নিজে সাপটি হাতে তুলে রোগী ও পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। তিনি জানান, “এই সাপ সম্পূর্ণ নিরীহ, ভয় পাওয়ার কিছু নেই।”
বর্তমানে দুলালী দাস ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে।








