বিরোধী শাসিত প্রদেশে সেনা মোতায়েন, আর্থিক শাটডাউনের পর আইনি শাটডাউনে ভেঙে পড়বে ট্রাম্প-সরকার?
নতুন পয়গাম, ওয়াশিংটন:
বিরোধী ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্য এবং শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোর্টল্যান্ড, শিকাগোর মতো শহরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে আইনি লড়াই। অবৈধ অভিবাসীদের ধরার নামে হোয়াইট হাউস থেকে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তোলপাড় চলছে আমেরিকায়।
ট্রাম্প বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অবৈধ অভিবাসন ঠেকানোর বাহিনী ‘আইস’-কে শক্তিশালী করবে এই বাহিনী। ইলিনয় প্রদেশ এবং শিকাগো শহর প্রশাসন ইতিমধ্যে আদালতে গিয়েছে। বিচারপতিরা স্থগিতাদেশ না দিলেও ট্রাম্প প্রশাসনের কাছে সিদ্ধান্তের ব্যাখ্যা তলব করেছে। তবে আদালতের রায়ে থামতে নারাজ ট্রাম্প। তিনি জানিয়ে রেখেছেন, দরকারে উগ্রপন্থা দমন আইন প্রয়োগ করবেন তিনি।
এর আগে লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটনে ন্যাশশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প। যে বাহিনী মোতায়েন হওয়ার কথা দেশ বাইরের শত্রুর হাতে আক্রান্ত হলে। বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন, আইন-শৃঙ্খলার অজুহাত আদৌ সত্যি নয়। বিরোধীরা প্রশাসনের দায়িত্বে আছে এমন জায়গায় জোর খাটাচ্ছেন ট্রাম্প। পর্যবেক্ষকদের একাংশের মত, পোর্টল্যান্ড, ওরেগন, শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনে আমেরিকায় সাংবিধানিক সঙ্কট দেখা যেতে পারে। এমনিতেই এখন মার্কিন মুলুকে শাটডাউন চলছে। বাজেট পাস না হওয়ায় অসংখ্য সরকারি দফতর বন্ধ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। অগণিত মানুষের চাকরি চলে গেছে। তারওপর আইনি শাটডাউন দেখা দিলে সরকারটাই কার্যত ভেঙে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
মঙ্গলবারই ট্রাম্পের ন্যাশনাল গার্ড রওনা হয়েছে আরেক শহরে ইলিনয়তে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকর বাহিনী মোতায়েন রোখার ঘোষণা পর্যন্ত করে ফেলেছেন। তিনি বলেছেন, ‘‘আমেরিকার জনতা, তিনি যেখানেই থাকুন, সামরিক শাসন মানতে বাধ্য নন। রাষ্ট্রপতির অপছন্দ, কেবল এই কারণে কোনও শহর বা প্রদেশে সামরিক শাসন জারি হতে পারে না।’’
এদিকে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন জারি করেছেন প্রশাসনিক নির্দেশিকা। বলা হয়েছে যে অভিবাসন রোধ বাহিনী ‘আইস’ যেন কোনওভাবে শহরের সম্পত্তি ব্যবহার না করে। জনতার সুরক্ষার জন্য এই বাহিনী ব্যবহার হচ্ছে না। ক্ষমতা দখলের তীব্র আকাঙ্ক্ষা থেকে এই বাহিনী কাজে লাগাচ্ছেন রাষ্ট্রপতি।








