জিতলে কি নীতীশই মুখ্যমন্ত্রী? নীরব শাহ
নতুন পয়গাম, পাটনা:
নীতীশ কুমারই কি ফের বিহারে মুখ্যমন্ত্রীর মুখ? তাকে সামনে রেখেই কি বিহারে লড়বে বিজেপি তথা এনডিএ? এবারও যদি ফের জোট ক্ষমতায় আসে, তাহলে কি নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন? শুক্রবার এসব প্রশ্নের কোনও উত্তর না দিয়ে নীরব থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোটের আসন ভাগাভাগি নিয়ে এদিন পাটনায় নীতীশের বাসভবনে যান শাহ। পৌনে এক ঘণ্টা কথা হয় তাঁদের মধ্যে। উল্লেখ্য, দুদিন আগে দিল্লি থেকে বিজেপি একতরফা ৭১ আসনে প্রার্থী ঘোষণা করে দিলে এনডিএ জোটে নতুন করে ঘোঁট পাকায়। এতে নীতীশ ভীষণ ক্ষুব্ধ হন। তাই এদিন তাঁর মান ভাঙাতে যান অমিত শাহ।
তবে তাঁদের আলোচনায় কোন বিষয়ে কথা হয়েছে, তা জানা যায়নি। বৈঠকের পরে শাহ বলেন, ‘কে বিহারের মুখ্যমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আমি কে? এনডিএতে অনেক দল রয়েছে। নির্বাচিত বিধায়করাই মুখ্যমন্ত্রী বাছাই করবেন। নীতীশের উপর পূর্ণ আস্থা আছে। বিহারবাসীও তাকে বিশ্বাস করেন।’ উল্লেখ্য, এবার বিহারে বিজেপি ও নীতীশের দল জেডিইউ ১০০টা করে আসনে লড়বে। বাকি ৪৩ আসন অন শরিকদের দেওয়া হবে। চিরাগ পাসোয়ান, জিতনরাম মাঝিরা অবশ্য এত কম আসন নিতে নারাজ। চিরাগ চাইছেন ৪৫ এবং জিতনরাম চান অন্তত ১৫ আসন। এ নিয়ে তাদের মধ্যে এখন দড়ি টানাটানি বা দর কষাকষি চলছে জোরকদমে।








