ওয়াংচুককে কেন গ্রেফতার? কেন্দ্রকে সুপ্রিম-নোটিশ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৬ অক্টোবর:
লাদাখ আন্দোলনের জেরে গত ২৬ সেপ্টেম্বর সোনাম ওয়াংচুককে গ্রেফতার করে রাজস্থানের যোধপুর কারাগারে আটকে রাখা হয়েছে। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে স্বামীর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে জামিনের আর্জি করেছেন স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। পাশাপাশি রাষ্ট্রপতির কাছেও আবেদন করেছেন তিনি। সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্র ও লাদাখ প্রশাসনকে নোটিশ পাঠাল দেশের শীর্ষ আদালত। সেই নোটিশে সোনাম ওয়াংচুককে কেন গ্রেফতার করা হয়েছে, তার কারণ জানতে চাওয়া হয়েছে। তবে এদিন বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ কোনও রায় দেয়নি বা জামিনও মঞ্জুর করেনি। কেন্দ্র সরকার ও লাদাখ প্রশাসনের কাছে গ্রেফতারের কারণ জানতে চেয়েছে। ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।
জম্মু কাশ্মীরের লাদাখ থেকে গ্রেফতার করে সোনামের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। তার গ্রেফতারির প্রতিবাদে এবং মুক্তির দাবিতে নতুন করে উত্তাল হয় লাদাখ। পাহাড়ের পরিস্থিতি শান্ত রাখতে জেল থেকে শান্তি ও সংযমের বার্তা দেন সোনাম। এদিকে, লাদাখের পরিস্থিতি আপাতত শান্ত। প্রশাসনের দাবি, ছন্দে ফিরছে উপত্যকা। চালু হয়েছে স্কুল, অফিস, বাজার। কারফিউ শিথিল হয়েছে। সোমবার লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা বৈঠক করে শান্তি ফেরাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।








