অসমে এসআইআর নয় কেন?
নতুন পয়গাম, নয়াদিল্লি:
যেসব রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, সেইসব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে গত রাত থেকে শুরু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে হবে শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। কিন্তু একমাত্র বাদ দেওয়া হল অসমকে। অর্থাৎ এই রাজ্যে কয়েক মাস পর বিধানসভা ভোট থাকলেও অসমে এসআইআর হচ্ছে না বলে সোমবার জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
কিন্তু কেন অসমে এসআইআর করা হচ্ছে না, তার কারণ জানিয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসি প্রায় শেষের পথে। এছাড়া উত্তর-পূর্বের ওই রাজ্যের নিজস্ব পৃথক বিধানও রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থেকে আপাতত অসমকে বাদ রাখা হয়েছে। অসমের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হবে এবং পৃথক তারিখ ঘোষণা করা হবে বলে এদিন জানান তিনি।
উল্লেখ্য, একদা অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক আন্দোলনে উত্তপ্ত হয় অসম। তারপর ১৯৮৫ সালে আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্র সরকারের ‘অসম চুক্তি’ হয়। সেই সময় ভারতীয় নাগরিকত্বের ৬-এ ধারা গঠন করা হয়, যেটি কেবলমাত্র অসমের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ধারা অনুযায়ী, ১৯৬৬-র ১ জানুয়ারি থেকে ১৯৭১-এর ২৪ মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এই ধারাকে বৈধ বলে রায় দেয়। তাই বিষয়টিতে অনেক বিতর্ক থাকলেও সুপ্রিম-রায়ে বিতর্কিত বিষয়টির নিষ্পত্তি হয়। তবে, কমিশন যাই সাফাই দিক না কেন, বিরেআধীরা অসমে এসআইআর না করায় অন্য অভিসন্ধির গন্ধ পাচ্ছে। সুতরাং বিষয়টি নিয়ে তীব্র হইচই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।








