বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি কে? সুজিত না তাপস- বিভ্রান্তিতে দল ও জনমানস
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া: রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলার বড়জোড়ায় জনসভা করতে আসছেন। তার ঠিক আগেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপিতে নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও বিভ্রান্তি।বিতর্কের সূত্রপাত বিজেপি নেতা সুজিত অগস্থীর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। উল্লেখ্য, মাত্র দিন দুয়েক আগেও তিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তবে ২৫ ডিসেম্বর বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্যাডে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক নির্দেশিকায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে তাপস বসুর নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর দলীয় নেতা-কর্মীরা তাপস বসুকে শুভেচ্ছা জানানো শুরু করেন।
এর মধ্যেই নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয় গতকাল। বিষ্ণুপুরের একটি হলিডে রিসোর্টে আয়োজিত বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা মঙ্গল পান্ডে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে সুজিত অগস্থীই রয়েছেন। এই বক্তব্যের স্ক্রিনশট সুজিত অগস্থী নিজেও তাঁর ফেসবুক পেজে পোস্ট করেন। ফলে বিজেপির নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, রাজ্য সভাপতির নির্দেশে যেখানে সভাপতি বদলের ঘোষণা হয়েছে, সেখানে একজন সর্বভারতীয় নেতার কাছে সেই তথ্য কীভাবে অজানা থাকে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি স্পষ্টতই বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বনের বহিঃপ্রকাশ। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন– বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি আসলে কে? সুজিত অগস্থী না তাপস বসু? এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেবে কে?








