বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ
নতুন পয়গাম, নদীয়া: বই হোক সই। বইকে সই করতে পথে হাঁটল নদিয়ার সীমান্তবর্তী করিমপুরের শত শত ছাত্র-ছাত্রীসহ বইপ্রেমী মানুষ। শুরু হল ২৪ তম করিমপুর বইমেলা। ‘বই হোক সই’ এই ‘থিম সং’কে সামনে রেখে মঙ্গলবার শুরু হল ২৪ তম করিমপুর বইমেলা। চলবে ২ মার্চ পর্যন্ত। ‘বইয়ের জন্য হাঁটুন’- শিরোনামে শত শত সংস্কৃতি প্রেমী মানুষের বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল মেলার। পদযাত্রায় অংশ নেয় ২৫ টি সাংস্কৃতিক সংগঠন সহ ২৩ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ কন্যাশ্রীরাও। করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ প্রাঙ্গনে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায় সহ এলাকার শিক্ষানুরাগী সাহিত্যপ্রেমী বহু মানুষ। বইমেলার সম্পাদক সন্দীপ ঘোষ জানান, নানান স্বাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির থাকছে নানান প্রসিদ্ধ সংস্থা। প্রতিদিন বিকেল থেকে রাত্রি পর্যন্ত থাকছে নানান সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। থাকছে কবি সম্মেলন, হস্তশিল্প সামগ্রী, ফুডস্টল সহ শিশুদের আনন্দদায়ক শিশু উদ্যান। বিশেষ আকর্ষণ হিসেবে, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুলিয়ার বাগমুন্ডির বিখ্যাত ‘ছৌ’ নৃত্য।








