বিচার কই? নিহত তামান্নার মায়ের প্রশ্ন
নতুন পয়গাম, কলকাতা:
‘বাংলা বাঁচাও যাত্রা’ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়লেন তামান্নার মা, ‘কেন বিচার দিচ্ছেন না?’ ‘আজ বেঁচে থাকলে আমার মেয়েও বড় হয়ে মীনাক্ষীদের মতো অধিকারের লড়াইয়ে থাকত। অভিযাগ, নদিয়ার কালীগঞ্জ বিধনসভা উপনির্বাচনে গণনার দিনে শাসক দলের আশ্রিত সমাজবিরোধীদের ছোড়া বোমায় নিহত হয়েছিল তামান্না। তখনও তাঁর বাড়িতে গিয়েছিলেন সিপিআই (এম) নেতৃবৃন্দ। হয়েছিল তীব্র প্রতিবাদ। কিন্তু সব অপরাধীকে গ্রেপ্তার করেনি রাজ্য পুলিশ।
বৃহস্পতিবার নদিয়ার পলাশি রেল স্টেশনের কাছে আয়োজিত বাংলা বাঁচাও যাত্রার সমাবেশে অবক্ত যন্ত্রণার পাশাপাশি লড়াইয়েরও কথা বললেন নিহত ছোট্ট শিশুকন্যা তামান্নার মা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী কেন এখনো তার মেয়ের মৃত্যুর বিচার দিতে পারলেন না, কেন তারা আজো ইনসাফ পেল না, রাখঢাক না করে সে প্রশ্নও এদিন তিনি করেন।
তামান্না’র মা বলেন, “পাঁচ মাস আগেও আমার এখানে থাকার কথা ছিল না। তৃণমূলের লোকেরা আমাকে বাধ্য করেছে আজ এখানে আসতে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী ও তাঁর দলের লোকের জন্য জায়গা রয়েছে। কিন্তু আমার ৯ বছরের মেয়ের এই রাজ্যে থাকার জন্য একটু জায়গা হল না। টিএমসি’র গুন্ডারা ওকে মেরে দিল। অন্য কেউ হলে ওই অবস্থায় সন্তানকে দেখে সংজ্ঞাহীন হয়ে পড়ত। কিন্তু আমি ওই অবস্থায় দাঁড়িয়েই আমার মেয়ের রক্ত ছুঁয়ে শপথ করেছিলাম, আর কোন তামান্না যেন তার মায়ের কোল খালি করে চিরতরে হারিয়ে না যায়। তাই আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। ছয় মাস হয়ে গেল, তবুও পুলিশ কোন ব্যবস্থা নিল না। পুলিশ তদন্তে গাফিলতি করছে। তবুও বিচারের জন্য লড়াই আমি চালিয়েই যাব। বাংলার সব মায়েদের দেখাতে চাই, আর কোন মেয়ে তার মায়ের কোল ছেড়ে চলে যাবে না।
তিনি আরও বলেন, আজ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে এসেছেন, ‘বাংলা বাঁচাও যাত্রা’ থেকে মুখ্যমন্ত্রীকে বলছি, আমার মেয়ের মৃত্যুর বিচার কেন দিচ্ছেন না? উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামের চারটি বুথে এক হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী। তৃণমূলীদের বোমায় খুন হওয়া ১০ বছরের ছোট্ট তামান্না খাতুনের বাড়ি যে বুথে, সেখানে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী ২৮১টি ভোট পেয়েছিলেন। তামান্নার বাবা পরিযায়ী শ্রমিক। কোনও স্বতঃস্ফূর্ত বিজয় মিছিল থেকে হামলা, বোমাবাজির ঘটনা নয়। ছোট্ট তামান্না খাতুনের বাড়িতে তৃণমূলের নৃশংসতা, বোমা মেরে শিশুকন্যাকে খুনের ঘটনা একেবারেই পরিকল্পিত বলে অভিযোগ স্থানীয়দের ও নিহত তামান্নার পরিবারের।








