মার্কিন সাম্রাজ্যবাদের বিষদাঁত ভেঙে দেব: মাদুরো
নতুন পয়গাম, কারাকাস:
মার্কিন সাম্রাজ্যবাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। উপকূল থেকে দেশটির একটি তেলবাহী ট্যাংকার মার্কিন বাহিনী আটক করার পর তিনি এই হুশিয়ারি দেন। মাদুরো একে আমেরিকার জলদস্যুতা বলে উল্লেখ করেন। জাহাজ আটকের পরে খোলা তরবারি হাতে দেওয়া ওই ভাষণে ভেনিজ প্রেসিডেন্ট মাদুরো দেশবাসীকে বলেন, এবার আমেরিকাকে সত্যিকারের পরাজয় উপহার দেওয়ার সময় এসেছে। আপনারা প্রস্তুত হন উত্তর আমেরিকার সাম্রাজ্যবাদের দাঁত ভেঙে ফেলার জন্য।
বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে মার্কিন বাহিনী। ট্যাংকার জব্দ করার ভিডিও প্রকাশ করে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জাহাজটিকে ‘ভেনেজুয়েলা ও ইরান থেকে আরোপিত নিষেধাজ্ঞাযুক্ত তেল পরিবহনে ব্যবহৃত একটি অপরিশোধিত ট্যাংকার’ বলে আখ্যা দেন।
এর আগে, প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলা কখনোই ‘তেল উপনিবেশে’ পরিণত হবে না। পাম বন্ডি জানান, এফবিআই, প্রতিরক্ষা দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি এবং ইউএস কোস্ট গার্ড যৌথভাবে ট্যাংকারটি জব্দ করেছে। এটি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ছিল, কারণ এটি বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থনকারী একটি অবৈধ তেল শিপিং নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল।’
ভিডিয়োয় দেখা যায়, একটি সামরিক হেলিকপ্টার বিশাল জাহাজের ওপর চক্কর কাটছে এবং সেনারা দড়ি ধরে জাহাজের ডেকে নামছেন। এই অভিযানে ব্যবহৃত কপ্টারগুলো জেরাল্ড ফোর্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, যা বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি এবং গত মাসে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল।








