ইমরান খানের বোনের নামে পরোয়ানা
নতুন পয়গাম, করাচি:
পাকিস্তানের রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২৬ নভেম্বরের বিক্ষোভ মামলার সঙ্গে সংশ্লিষ্ট এই পরোয়ানা অ-জামিনযোগ্য। শুক্রবার বিশেষ আদালতের বিচারক আমজাদ আলী শাহ এই আদেশ দেন। এদিন শুনানিতে আলিমা খান বা তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার জামিনদারকেও নোটিশ পাঠিয়েছে এবং পরবর্তী শুনানিতে অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।
সরকারের আইনজীবী জহির শাহ যুক্তি দেন, আলিমা খান ইচ্ছাকৃতভাবে আদালতে উপস্থিত হচ্ছেন না এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। তিনি আদালতের কাছে অনুরোধ করেন, তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক এবং ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা অনুযায়ী তার জামিন বাতিলের নোটিশ দেওয়া হোক। আদালত সেই মতোই ইমরানের বোনের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তী শুনানি ২০ অক্টোবর। সেদিন অভিযুক্তকে অবশ্যই আদালতে হাজির হতে হবে।
উল্লেখ্য, বর্তমান পাকিস্তান সরকার চাইছে, রাজনীতির ময়দান থেকে ইমরান খান ও তার দলকে একেবারেই মুছে ফেলতে। সেজন্য একের পর এক বানোয়াট অভিযোগে ইমরান ও তার পরিবারের সদস্যদেরকে জেরবার করে ফেলা হচ্ছে। এভাবে কলঙ্কিত করে রাজনীতি থেকে চির সন্ন্যাসে পাঠিয়ে অনন্তকাল ক্ষমতা ধরে রাখতে মরিয়া শরিফ পরিবার।








