আজ বিহারে ভোট
অগ্নিপরীক্ষায় তেজস্বী, ২ উপ-মুখ্যমন্ত্রী, ১৫ মন্ত্রী
নতুন পয়গাম, পাটনা:
আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর বিহারে প্রথমদফা ভোট। দ্বিতীয় ও শেষ দফা ভোট হবে ১১ নভেম্বর। আজ প্রথম পর্বে ১৮ জেলার ১২১ আসনে ভোট হবে। এই পর্বে এনডিএ এবং মহাজোট উভয় শিবিরেরই অগ্নিপরীক্ষা। এই দফায় প্রার্থী আছেন ১৫ জন মন্ত্রী। যার মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরী এবং মহাজোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব ও উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী সাইনি।
আজ সব মিলিয়ে প্রায় দেড় ডজন হেভিওয়েট প্রার্থীর অ্যাসিড টেস্ট হবে। মহুয়া বিধানসভা কেন্দ্রে লড়ছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব আগেই বলেছেন, এবার বদল হবেই। এসআইআর-এর পর প্রথম ভোট হচ্ছে বিহারে। প্রথম দফায় ৪৫ হাজার বুথে আজ ভোট নেওয়া হবে।
আজকে যেসব আসনে ভোট হবে, সেই ১২১ আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির। ১১৮ আসনে প্রার্থী দিয়েছে এই নতুন দলটি। প্রথম দফায় জেডিইউ এর প্রার্থী থাকছে ৫৭ জন। বিজেপি লড়ছে ৪৮ আসনে। চিরাগ পাসওয়ানের দল লড়ছে ১৩ আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোটে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে আরজেডির। লালু তেজস্বীর দল লড়ছে ৭২ আসনে। কংগ্রেস ২৪ আসনে। সিপিআই এমএল লড়ছে ১৪ আসনে। প্রথম দফায় ভোটারের সংখ্যা পৌনে ৪ কোটিরও বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোট হবে। ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।








