আগ্নেয়গিরি জেগে উঠল ১২ হাজার বছর পর
নতুন পয়গাম, আদ্দিস আবাবা:
ভারতের সঙ্গে ইথিওপিয়ার দূরত্ব সাড়ে ৪ হাজার কিলোমিটারেরও বেশি। কিন্তু আফ্রিকার দেশ ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের জেরে দিল্লিতে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। দিল্লিতে দূষণের দাপটে এমনিতেই প্রাণ ওষ্ঠাগত। তার ওপর পরিস্থিতি আরও জটিল করে তুলল ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া ও ছাই-ভস্ম। জানা গিয়েছে, ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাতের জেরে দিল্লি-সহ উত্তর ভারতের আকাশেও কালো মেঘ জমছে। যার জেরে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটছে। একাধিক উড়ান সংস্থা বিমান বাতিল করেছে।

রবিবার আচমকাই প্রায় ১২ হাজার পর জেগে উঠেছে ইথিওপিয়ার হ্যালিগুব্বি আগ্নেয়গিরি। জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া, ছাই ঢেকে দিয়েছে আকাশকে। লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান, আরব সাগরের উত্তরাংশেও ছড়িয়ে পড়েছে ধোঁয়া ও ছাই মিশ্রিত মেঘের কুণ্ডলী। তার ঘনীভূত অংশ দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশের উপর দিয়ে এগোচ্ছে। পঞ্জাব, গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রেও এর প্রভাব পড়ছে। ছাই-মেঘ ঢুকেছে পাকিস্তানেও।








