লাদাখে হিংসা: গ্রেফতার ওয়াংচুক
সিবিআই তদন্ত শুরু, বন্ধ ইন্টারনেট, কার্ফু
নতুন পয়গাম, শ্রীনগর, ২৬ সেপ্টেম্বর:
লেহ-লাদাখে অশন্তির জেরে গ্রেফতার করা হল আন্দোলনের প্রধান মুখ সোনম ওয়াংচুককে। অভিযোগ, বুধবারের প্রাণঘাতী হিংসার জন্য দায়ী ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্য। এনএসএ-র তরফে শুক্রবার তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় রাজস্থানের যোধপুরে। কেন্দ্র শাসিত অঞ্চলের তকমা প্রত্যাহার করে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ওয়াংচুকদের এই আন্দোলনকে সচল রাখতে নাকি বিদেশ থেকে অর্থ সাহায্য আসছিল। সে ব্যাপারেও শুরু হয়েছে সিবিআই তদন্ত। তবে সোনমের দাবি, তারা এমন কোন বিদেশি সহায়তা নেননি। বুধবার থেকে নতুন করে শুরু হওয়া অশান্তি, তাণ্ডব, ভাঙচুর, অগ্নি সংযোগের তীব্র নিন্দা করে জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান সোনম ও তার সঙ্গীরা।
উল্লেখ্য, সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্মু কাশ্মীরের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়া লাদাখের জন্য রাজ্যের মর্যাদা ফেরানো ও ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তির দাবিতে ১৫ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহারও করে নিয়েছিলেন তারা। শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের বক্তব্য ছিল, হিংসাত্মক আন্দোলনে তাঁর সায় নেই। এদিকে লাদাখের সাংসদ মহম্মদ হানিফা জানের দাবি, ‘বুধবারের বিক্ষোভে পুলিসের গুলি চালানো নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। সেদিনের ঘটনা ছিল বেকারত্ব নিয়ে লাদাখের যুব সমাজের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা হতাশার বহিঃপ্রকাশ।’ ওয়াংচুকের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল ও নাগরিক সমাজও। তাঁদের অভিযোগ, সোনমকে মুক্তি না দিলে অশান্তি আরো বাড়বে। তাদেরকে নেতাকে রাজস্থানের মতো ভিন রাজ্যে নিয়ে যাওয়াকে মানতে পারছে না লাদাখবাসী ও অনুগামীরা।
এদিকে অশান্তির আগুন যাতে আর না বাড়ে, সেজন্য থমথমে লেহ-তে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং কার্ফু জারি করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে শসস্ত্র নিরাপত্তা বাহিনী। এই অবস্থার মধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন একাধিকবার বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি টিম। তবে নতুন করে অপ্রীতিকর কোনও ঘটনা আর ঘটেনি। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৫০ জনেরও বেশিকে আটক করা হয়েছে। লেহ ছাড়াও কার্গিল-সহ অন্যান্য শহরে পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আচমকা এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। বাজারঘাট বন্ধ থাকায় সবথেকে বেশি অসুবিধা দেখা দিয়েছে।








