ধূপগুড়িতে জমজমাট ছট পুজো: তিনটি ঘাটে হাজারো ভক্তের ঢল
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
আলোকসজ্জা, সঙ্গীত ও গভীর ধর্মীয় আবহে বর্ণাঢ্যভাবে পালিত হলো ধূপগুড়ি শহরের ছট পুজো। সোমবার সন্ধ্যা থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের বামনি নদীর দুটি ঘাট ও কুমলাই নদীর একটি ঘাট মিলিয়ে তিনটি স্থানে চলে সূর্যদেবতার আরাধনা। সকাল থেকে রাতভর ভক্তদের ঢলে মুখরিত ছিল গোটা শহর।
সবচেয়ে বেশি ভিড় জমে পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহাকালপাড়া সংলগ্ন কুমলাই নদী ঘাটে। প্রতিবছরের মতো এ বছরও হাজার হাজার ভক্ত সেখানে উপস্থিত থেকে সূর্যদেবতাকে অর্ঘ্য নিবেদন করেন। রঙিন আলোয় সজ্জিত ঘাটে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা গভীর রাত পর্যন্ত দর্শকদের মনোরঞ্জন করে।
তাছাড়া ৩ নম্বর ওয়ার্ডের বামনি ব্রিজ সংলগ্ন ঘাট ও ৪ নম্বর ওয়ার্ডের লোকনাথপল্লী ঘাটেও ছিল উপচে পড়া ভিড়। সর্বত্রই ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, সুরেলা সংগীত, ভক্তিমূলক সঙ্গীত আর আনন্দের আমেজ।
নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। ধূপগুড়ি থানার পক্ষ থেকে তিনটি ঘাটেই রাতভর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিভিল ডিফেন্স, ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করেন যাতে কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে। বিশেষ করে কুমলাই নদীর ঘাটের পাশ দিয়ে এশিয়ান হাইওয়ে যাওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছিল অতিরিক্ত সতর্কতা।
শহরের মানুষ জানান, ছট পুজো এখন শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং সামাজিক সম্প্রীতি ও মিলনের এক উৎসব। ধর্ম, সংস্কৃতি ও ঐক্যের এই বর্ণিল ছোঁয়ায় আনন্দে ভেসে উঠেছে গোটা ধূপগুড়ি শহর।









