ভেনেজুয়েলার রাষ্ট্রপতি অপহরণের অভিযোগ তুলে ধূপগুড়িতে সিপিআইএমের বিক্ষোভ
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ ও বন্দী করার অভিযোগ তুলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিক্ষোভে নামল সিপিআইএম। বুধবার ধূপগুড়িতে সিপিআইএম ও তাদের সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল, পথসভা এবং মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করেন। সিপিআইএম কর্মীদের দাবি, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একদিকে ভারতের বিরুদ্ধে অহংকারী মনোভাব দেখানো হচ্ছে, অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলোর ওপর আগ্রাসন বাড়ানো হয়েছে। তাঁদের অভিযোগ, সেই আগ্রাসনের অংশ হিসেবেই ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে বন্দী করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে বলে দাবি করেন সিপিআইএম নেতারা। তাঁদের বক্তব্য, আমেরিকার মধ্যেও এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন চলছে। এদিন সিপিআইএম ও বামপন্থী গণসংগঠনের কর্মী-সমর্থকেরা ধূপগুড়ি শহরে একটি মিছিল বের করেন। মিছিলটি শহর পরিক্রমা করে ট্রাফিক চৌপথি মোড়ে এসে শেষ হয়। সেখানে ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয় এবং একটি পথসভা অনুষ্ঠিত হয়। ধূপগুড়ি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার জানান, বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে।








