গ্রেফতার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, বিক্ষোভ আমেরিকায়
নতুন পয়গাম, কারাকাস: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মধ্যরাতে তাঁর বাসভবন থেকে অপহরণ করে আমেরিকা তুলে নিয়ে গিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে। আপাতত সেখানেই মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করে রাখা হবে। ভেনেজুয়েলার মসনদে আপাতত তিনি এমন একজনকে বসাবেন, যিনি আমেরিকার ‘হাতের পুতুল’। সেই সুযোগেই দেশটির খনিজ তেলের ভান্ডারে অবাধে রাজত্ব করতে চায় ওয়াশিংটন। ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের ভেনিজ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে।
ভেনেজুয়েলা বিশ্বের পঞ্চম বৃহত্তম অপরিশোধিত তৈল ভান্ডার। এই দেশে মজুদ রয়েছে ৩০ হাজার কোটি ব্যারেল তেল। শিকাগো এবং ওয়াশিংটন ডিসির রাস্তায় মার্কিন সেনার অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। মুখে তাঁদের স্লোগান। কেউ বলছেন, ‘তেলের জন্য রক্ত চাই না’, কেউ বলছেন, ‘ভেনেজুয়েলায় আমেরিকার যুদ্ধ চাই না’।
শিকাগোর ফেডেরাল প্লাজার সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের একজন চিৎকার করে বলেন, ‘লাতিন আমেরিকার উপর থেকে ট্রাম্পের কালো হাত তুলে নাও।’ উল্লেখ্য, ভেনেজুয়েলায় ট্রাম্প যে অভিযান চালিয়েছেন, আমেরিকানরা তাতে নারাজ। কোনও ভোটাভুটি নয়। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই আমচকা মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে। তার জন্য আমেরিকার নাগরিকেরা অনেকেই ক্ষুব্ধ।








