প্রশ্ন ফাঁসের জেরে উত্তরাখণ্ডে বাতিল চাকরির পরীক্ষা
নতুন পয়গাম, দেরাদুন:
প্রশ্ন ফাঁসের জেরে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরাখণ্ড। পরিস্থিতি বেগতিক দেখে শেষমেষ চাকরির পরীক্ষা বাতিল হল রাজ্য সরকারকে। গত ২১ সেপ্টেম্বর হয় এই পরীক্ষা। মাত্র ৪১৬টি পদে চাকরির জন্য পরীক্ষা দেন ১ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী। উত্তরাখন্ড সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন জানিয়েছে, তিন মাসের মধ্যে ফের পরীক্ষা নেওয়া হবে।
অভিযোগ, হরিদ্বারের একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয়। রাজ্যের বিজেপি সরকার প্রথমে বিষয়টিকে ধামাচাপা দিতে চাইলেও তীব্র আন্দোলন ছড়াতে থাকে। চাকরিপ্রার্থীরা রাজ্য কর্মপ্রার্থী ইউনিয়নের ব্যানারে সংগঠিত হতে থাকেন। জোরালো বিক্ষোভের প্রভাব পড়ে সারা রাজ্যে। সিবিআই তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয় প্রশাসন।
এদিকে বিক্ষোভের জেরে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউসি ধ্যানির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে হয় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। এর আগে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতেও একইভাবে বারবার পরীক্ষা বাতিল হয়েছে।








