মাত্র ১৫ সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করবে এআই স্টেথোস্কোপ
নতুন পয়গাম, লন্ডন, ৯ সেপ্টেম্বর: এবার হৃদরোগ শনাক্তকরণে আসছে যুগান্তকারী প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক অভিনব স্টেথোস্কোপ আবিষ্কার করেছেন ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানীরা। যা দিয়ে মাত্র ১৫ সেকেন্ডেই হৃদরোগ শনাক্ত করা সম্ভব বলে তাঁদের দাবি। এটি যৌথভাবে তৈরি করেছেন লন্ডন ইম্পেরিয়াল কলেজ এবং ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার ট্রাস্টের গবেষক দল। তাদের দাবি, এই অত্যাধুনিক ডিভাইস দিয়ে মুহূর্তেই শনাক্ত করা যাবে হার্ট ফেলিওর, হার্টের ভালভের সমস্যা এবং অস্বাভাবিক হার্টবিট।
এই স্টেথোস্কোপের অন্যতম বৈশিষ্ট্য হল, এটি অতিমৃদু হার্টবিট কিংবা রক্তপ্রবাহে সূক্ষ্ম পার্থক্যও শনাক্ত করতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোসীয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক সম্মেলনে হাজারো চিকিৎসকের সামনে এটির প্রদর্শনী হয়। গবেষকদের দাবি, হৃদরোগ যত দ্রুত ধরা পড়বে, তত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে। ফলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভবপর হবে।
লন্ডন ইম্পেরিয়াল কলেজের গবেষক ডা. প্যাট্রিক বেস্টিগার বলেন, ২০০ বছরেরও বেশি হয়ে গেল স্টেথোস্কোপে বড় কোনো পরিবর্তন হয়নি। প্রচলিত স্টেথোস্কোপ তৈরি হয়েছিল ১৮১৬ সালে। দীর্ঘ দুই শতাব্দী পরে এআই-চালিত এই আধুনিক স্টেথোস্কোপটি তৈরি করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইকো হেলথ কোম্পানি। যন্ত্রটি দেখতে একটি তাসের মতো ছোট এবং সহজে বহনযোগ্য।








