বিবাহে নজিরবিহীন উদ্যোগ তরুণ আধিকারিকের
কৃষ্ণনগর, নতুন পয়গাম:
নিজের বিয়েকে সমাজসেবার সঙ্গে যুক্ত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্য সরকারের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মামুনুর রশিদ খান। শনিবার নদিয়ার নাকাশিপাড়া থানার পাটপুকুরে নিজের বাসভূমিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের বহু উচ্চপদস্থ আধিকারিক।
তবে শুধু বিয়ের দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করতে আয়োজিত হয় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। অতিথিদের উপহার হিসেবে তিনি প্রায় ২০০টি চারা গাছ প্রদান করেন এবং নিজে হাতে একাধিক গাছ রোপণ করেন। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ সবার মন জয় করেছে।শিক্ষাজীবন ও কর্মজীবনে সমান সফল এই তরুণ অফিসার এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে এবং পরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন। গ্রামের আল আমিন শিশু একাডেমী থেকে শিক্ষাযাত্রা শুরু করে আল আমীন মিশনে উচ্চমাধ্যমিক শেষ করার পর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর শুরু হয় WBCS-এর প্রস্তুতি—আর প্রথম প্রচেষ্টায়ই WBCS ২০২২ পরীক্ষায় ৭ম স্থান অধিকার করে নির্বাচিত হন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পদে।
বিয়ের দিনে সামাজিক বার্তা ছড়িয়ে দিতে পেরে খুশি মামুনুর। তিনি জানান, প্রতিবছর বিবাহবার্ষিকীর দিন রক্তদান শিবির ও বস্ত্রবিতরণ কর্মসূচির আয়োজন করবেন। সমাজসেবার প্রতি তাঁর এই অঙ্গীকারে তরুণ প্রজন্মের মাঝে তিনি ইতিমধ্যেই এক প্রেরণার মুখ হয়ে উঠেছেন।স্থানীয় মানুষ থেকে ঘনিষ্ঠ মহল,সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই অসাধারণ উদ্যোগকে।








