উন্নাও: অভিযুক্তের জেলমুক্তি রুখতে মরিয়া সিবিআই
নতুন পয়গাম, নয়াদিল্লি: উন্নাও গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন বিজেপি নেতা ও বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। দিল্লি হাইকোর্টের দেওয়া জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার করা এই আবেদনের শুনানি আজ সোমবার হওয়ার কথা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে.কে মাহেশ্বরী এবং অগাস্টিন জর্জ মাসিহ-র তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে।
সিবিআই তাদের আবেদনে জানিয়েছে, অপরাধ যখন ঘটেছিল সেই সময় কুলদীপ সেঙ্গার বিধায়ক ছিলেন। হাইকোর্ট তাঁকে ‘পাবলিক সার্ভেন্ট’ বা সরকারি চাকুরিজীবী হিসেবে গণ্য না করে পকসো আইনের উদ্দেশ্যকে উপেক্ষা করেছে। সিবিআই-এর দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সেঙ্গারের ওপর মানুষের যে আস্থা ছিল, এই জঘন্য অপরাধের মাধ্যমে তিনি তা লঙ্ঘন করেছেন। তাই মাত্র ৭ বছর ৫ মাস জেল খাটার কারণে তাঁকে মুক্তি দেওয়া আইনত ভুল।
গত ২৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত করে তাঁকে জামিন দিয়েছিল। আদালত শর্ত দিয়েছিল, মূল অভিযুক্ত সেঙ্গারকে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড দিতে হবে এবং তিনি নির্যাতিতার বর্তমান বাসস্থানের ৫ কিলোমিটারের মধ্যে আসতে পারবেন না। তবে নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যু সংক্রান্ত মামলায় ১০ বছরের সাজা কাটতে হওয়ায় তিনি আপাতত জেলেই রয়েছেন।
নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও হাইকোর্টের এই নির্দেশের তীব্র বিরোধিতা করে শীর্ষ আদালতে পৃথক একটি পিটিশন দাখিল করা হয়েছে। ২০১৭ সালের এই চাঞ্চল্যকর ঘটনা এবং পরবর্তীতে নির্যাতিতার পরিবারের ওপর একাধিক হামলার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। এখন দেখার, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় কি না।








