বিহারে বেকারভাতা ১ হাজার নীতীশের ভোট-উপহার নিয়ে কটাক্ষ
নতুন পয়গাম
পাটনা, ১৮ সেপ্টেম্বর: আদানিকে ১ টাকায় হাজার একর জমি। আর শিক্ষিত বেকার যুবকদের জন্য মাসে হাজার টাকা ভাতা। মাত্র দু’দিন আগে জানা যায়, বিহারে আদানি কোম্পানিকে ১০৫০ একর জমি ৩৩ বছরের জন্য মাত্র ১ টাকা বার্ষিক লিজে দিয়েছে কেন্দ্র সরকার। যা নিয়ে বিশেষ করে শিক্ষিত বেকার তরুণ প্রজন্ম হইচই শুরু করে দেয়। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে শিক্ষিত বেকারদের মুখ বন্ধ করতে তাদেরকে ভোটের আগে বিশেষ উপহারের কথা ঘোষণা করলেন বিহারের ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
কিন্তু প্রশ্ন উঠছে, এত পড়াশোনা করে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসে মাত্র ১ হাজার টাকায় কী হবে? বড়জোর মাসে দেড়-দুই জিবি নেট-সহ মোবাইল রিচার্জ হবে, আর বাকিটা হাত খরচ। এই টাকায় ঘুগনি, ফুচকা কিংবা চা, পান, বিড়ি, খৈনি, গুটকাও জুটবে না। তাহলে এই অল্প খয়রাতিতে কারো কোন উপকার বা লাভ হবে না। এশব জেনেও শুধু ভোটে জিততে মোদি-নীতীশদের ভরসা নামমাত্র খয়রাতি। বিহারে বিধানসভা ভোটের আর মাত্র মাস দুয়েক বাকি। তার আগে বৃহস্পতিবার আগে নীতীশ ঘোষণা করলেন, এবার থেকে বিহারের ২০-২৫ বছর বয়সি সব বেকার যুবক-যুবতী মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবেন। দু’বছর পর্যন্ত রোজগার না হলে এই ভাতা দেওয়া চলবে। তার মানে আজীবন পাওয়া যাবে না এই খয়রাতি।
ভোটের মুখে বিহারে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করছেন নীতীশ কুমার ও নরেন্দ্র মোদি। দুদিন আগে পূর্ণিয়ায় বিমান বন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হাজার টাকা করে বেকারভাতা দেবেন বলে আশ্বাস দিলেন। বিরোধী কংগ্রেস, আরজেডি-র অভিযোগ, শিক্ষিত যুবক-যুবতীদের মাসে মাত্র এক হাজার টাকা দেওয়া হাস্যকর ও অপমানজনক। বেকাররা কাজ চায়, সাধারণ মানুষ বিমান নয়, চায় রোটি-কাপড়া মাকান। আদানিদের হাজার একর জমি দেওয়া হল মাত্র ১ টাকায়, আর শিক্ষিত বেকারদের হাজার টাকা খয়রাতি? এদিকে রাজ্যের সব সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন নীতীশ। বিরোধীদের প্রশ্ন, এতদিন ক্ষমতায় থেকে এসব করেননি কেন? এখন ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন নীতীশ।








