চলন্ত বাসে অচৈতন্য যুবক, সর্বস্ব লুটের অভিযোগ, ধূপগুড়িতে চাঞ্চল্য
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
চলন্ত বাসে অচৈতন্য অবস্থায় পড়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। অভিযোগ, অচৈতন্য অবস্থার সুযোগ নিয়ে ওই যুবকের সর্বস্ব লুট করা হয়েছে।
জানা গেছে, চলন্ত বাসের মধ্যেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন ওই যুবক। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। তবে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই চম্পট দেয় বাসের সহকারী চালক বলে অভিযোগ।
হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় যুবককে। তাঁর নাম বাপ্পি দে (৩৫)। বাড়ি কোচবিহার জেলার দেওয়ান বস সিঙ্গিজানি এলাকায়।
হাসপাতালের এক মহিলা কর্মী জানান, এক বাস চালক যুবকটিকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর তাকে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি হাসপাতাল থেকে উধাও হয়ে যান। পরে জানা যায়, তিনি বাসের সহকারী চালক।
ভর্তির পর কিছুক্ষণের জন্য যুবকের জ্ঞান ফিরলেও হঠাৎ কান্নাকাটি শুরু করে আবার অচৈতন্য হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর লেখা পর্যন্ত পরিবারের কোনও সদস্য হাসপাতালে পৌঁছাননি।








