ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এখনও ধোঁয়াশা, চুপ আইসিসিও
নিজস্ব সংবাদদাতা: পাক ক্রিকেট প্রধান বিবৃতি জানিয়ে দিয়েছে তারা ১৫ ফেব্রুয়ারি ভারত ম্যাচ খেলছে না।অথচ এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে আইসিসি।
বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে অপেক্ষা আর ৪৮ ঘণ্টা। প্রস্তুতি তুঙ্গে। নতুন করে শুরু হয়েছে টিকিট বিক্রি। চারিদিকে সাজো সাজো রব।তবে ক্রিকেটের সবচেয়ে উত্তেজক ম্যাচ হবে কিনা,তা নিয়ে ধন্দ অব্যাহত।এখনও ঝুলে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান মহারণের ভাগ্য। পিসিবি’র ম্যাচ বয়কটের সিদ্ধান্তে কি ব্যাকফুটে আইসিসি? এই প্রশ্নই উঁকি দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। গত রবিবার ভারতের বিরুদ্ধে দল না নামানোর কথা ঘোষণা করে পাক সরকার। জবাবে কড়া বিবৃতি দিয়েই দায় সেরেছিল আইসিসি। তারপর কেটে গিয়েছে দু’দিন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এখনও চুপচাপ।
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের মতে, দুর্বল প্রশাসকের কারণেই বেহাল অবস্থা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। সমালোচনার তির জয় শাহর দিকেই। বাবার নাম ভাঙিয়ে আইসিসি’র চেয়ারম্যান হওয়া সহজ, কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টে তিনি পুরোপুরি ডাহা ফেল। আর সেই সুযোগটাই নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি একজন দুঁদে রাজনীতিক, মন্ত্রীও। সুযোগ বুঝে চোখ রাঙিয়ে যাচ্ছেন নাকভি। আইসিসি’র চেয়ারম্যান অন্ধ্র ধৃতরাষ্ট্রের মতো চোখে ঠুলি বেঁধে মজা দেখছেন। প্রাক্তন ক্রিকেটাররা বিরক্ত। অনেকের মতে, পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া উচিত আইসিসি’র। বাংলাদেশের মতোই পাকিস্তানকেও বিশ্বকাপ থেকে নির্বাসিত করে শিক্ষা দেওয়া দরকার। যাতে আগামী দিনে এই ধরনের কাজ করার সাহস না পায় অন্য বোর্ড। কিন্তু আইসিসির কেবল টাকার কথা ভেবে পাকিস্তানকে সহ্য করে যাচ্ছে।








