অবৈধ বসতিতে ব্যবসা: ১৫৮ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক, নিউ ইয়র্ক, নতুন পয়গাম
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিতে ব্যবসা কার্যক্রম চালিয়ে লাভবান হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এয়ারবিএনবি, বুকিং ডট কম, এক্সপেডিয়া এবং ট্রিপ অ্যাডভাইজার।
জাতিসংঘের তথ্যমতে, এসব প্রতিষ্ঠান এমন এলাকায় ব্যবসা করছে, যেগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবৈধ ঘোষণা করেছে। নতুন তালিকায় ৬৮টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে, আবার সাতটি কোম্পানির নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ট্রাভেল কোম্পানি ওপোডো এবং স্পেনের ইড্রিমস।
প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই ইসরায়েলি মালিকানাধীন হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানির একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানের নামও রয়েছে। এ ছাড়া নির্মাণ, আবাসন, খনিজ ও খনি খাতের আরও শতাধিক প্রতিষ্ঠান পর্যালোচনার আওতায় আছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর উচিত মানবাধিকার লঙ্ঘন এড়ানো এবং তাদের কার্যক্রম যেন কোনোভাবে নিরীহ মানুষের ক্ষতির কারণ না হয় তা নিশ্চিত করা।
প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিম তীরে সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরা সরকারি সহায়তায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং জমি দখল করছে। এসব কর্মকাণ্ডকে মানবাধিকার সংস্থাগুলো ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে চলেছে। সেখানে তারা সড়ক, প্রাচীর ও চেকপোস্ট তৈরি করে ফিলিস্তিনিদের চলাচল সীমিত করে দিয়েছে।








