বোনের বিয়ে, অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ
নতুন পয়গাম, নয়াদিল্লি:
দিল্লির এক আদালত বৃহস্পতিবার দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রে অভিযুক্ত প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদকে তাঁর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।
কড়কড়ডুমা আদালতের অতিরিক্ত দায়রা জজ সমীর বাজপেয়ী খালিদকে ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন। আদালত খালিদের বোনের বিয়ের জন্য এই আবেদন মঞ্জুর করেছে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের দু’জন জামিনদারের বিনিময়ে তাঁকে এই ১৭ দিনের জামিন দেওয়া হয়েছে।
জামিন মঞ্জুর করার সময় বিচারক উল্লেখ করেছেন, উমর খালিদ ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর থেকে, অর্থাৎ প্রায় ৫ বছর ৩ মাস ধরে কারাগারে রয়েছেন। এর আগে তিনি দু’বার স্বল্প সময়ের জন্য জামিন পেয়েছিলেন এবং সেই সুবিধার অপব্যবহার করেননি। তাঁর বাবা-মায়ের সঙ্গে সময় কাটানো এবং বিদেশ থেকে আসা আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ দেওয়ার বিষয়টিও আদালত বিবেচনা করেছে।
তবে, আদালত এই জামিনের ওপর কঠোর শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী, খালিদকে এই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তিনি কেবল তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গেই দেখা করতে পারবেন। তাঁকে হয় নিজের বাড়িতে অথবা আবেদনের তালিকাভুক্ত বিয়ের অনুষ্ঠানস্থলেই থাকতে হবে।








