বিমান দুর্ঘটনায় অজিতের নিহত হওয়া নিয়ে প্রশ্ন তুলল উদ্ধব শিবির ও কংগ্রেস
নতুন পয়গাম, নয়াদিল্লি: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান দুর্ঘটনায় নিহত হওয়া কি সত্যিই নিছক দুর্ঘটনা, নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে — এ প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তীব্র হচ্ছে। শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত প্রকাশ্যে সংশয় ও আশঙ্কা ব্যক্ত করেছেন। একই সুর শোনা যাচ্ছে কংগ্রেস শিবিরেও, যেখানে এই দুর্ঘটনার পেছনে ‘ষড়যন্ত্রের আশঙ্কা’ উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এর আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র একাধিক নেতা বিষয়টি নিয়ে মুখ খুলছেন। যদিও এনসিপি নেতা তথা অজিতের কাকা শরদ পওয়ার শুরু থেকেই একে দুর্ঘটনা বলে দাবি করেছেন এবং অজিতের মৃত্যুর সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আবেদন জানিয়েছেন।
গত বুধবার মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে অজিত পওয়ারের বিমান ভেঙে পড়ে। উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার আগে থেকেই এনসিপি-র দুই গোষ্ঠীর পুনর্মিলন নিয়ে জল্পনা চলছিল। সেই প্রেক্ষাপট টেনে সঞ্জয় রাউত বলেন, অজিত পওয়ারের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন। তাঁর মতে, বিষয়টি সন্দেহজনক এবং ‘পর্দার আড়ালে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে’। তিনি দাবি করেন, অজিত এনসিপি-র ঐক্যের উদ্যোগ নিচ্ছিলেন, এমন সময়েই এই রহস্যজনক দুর্ঘটনা ঘটে। রাউত আরও জানান, তিনি সংসদে বিষয়টি তুলবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি তুলেছিলেন। তাঁর বক্তব্যের জবাবে, নাম না করে শরদ পওয়ার বলেন, কলকাতা থেকে যে প্রতিক্রিয়া এসেছে তাতে রাজনীতির ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এখানে কোনও রাজনীতি নেই — এটি একটি দুর্ঘটনা।
তবে শরদের এই অবস্থানের পরেও বিরোধী জোটের অন্দরেই প্রশ্ন জোরালো হচ্ছে। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তরও তদন্তের দাবি তুলে বলেন, অজিত পওয়ারের আকস্মিক মৃত্যু ষড়যন্ত্রের ফল হতে পারে। তাঁর প্রশ্ন, এনসিপি-র দুই গোষ্ঠীর পুনর্মিলন ঠেকাতেই কি দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর পেতেই পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলছে বিরোধী শিবির।








