সিউড়িতে তৃণমূল কর্মীসহ দুজন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার, খুনের ছক নিয়ে জল্পনা
সিউড়িতে তৃণমূল কর্মীসহ দুজন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার, খুনের ছক নিয়ে জল্পনা
নতুন পয়গাম, সংবাদদাতা, বীরভুম:
সিউড়ি থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন এক তৃণমূল কর্মীসহ দুজন। ধৃতদের নাম হেমন্ত সাহা ও স্বর্ণেন্দু মণ্ডল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও দু’ রাউন্ড গুলি। সিউড়ি-ঝাড়খণ্ড রোডের লাঙ্গুলিয়া গ্রামের কাছে তাদের গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকায় ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কেনা হয়েছিল।
উল্লেখ্য, কয়েক মাস আগেই হেমন্ত সাহা সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে দলে যোগ দিয়েছিলেন। এদিকে গ্রেপ্তারের পরই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে—আসলে কি কোনো তৃণমূল নেতাকে খুন করার পরিকল্পনা ছিল? আজ ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায়, কিন্তু বিচারক বিবেচনা করে তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। যদিও অভিযুক্ত হেমন্ত সাহার দাবি, তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল সূত্রে খবর, দলেরই এক ঘনিষ্ঠ নেতার সঙ্গে হেমন্ত সাহার সম্পর্ক গত কিছুদিন ধরে খারাপ চলছিল। একটি প্রকল্পের সুবিধা নিয়ে মতবিরোধ থেকেই ঝামেলার সূত্রপাত হয় বলে জানা গেছে। আর সেই কারণে কি খুনের ছক কষা হয়েছিল, তা নিয়েই এখন জেলাজুড়ে জল্পনা তুঙ্গে। তবে এ প্রসঙ্গে সিউড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী স্পষ্ট জানান, আইন তার নিজের পথে চলবে। যেই অন্যায় করবে, তার বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।








