ভয়েস পাবলিক স্কুলে শিশু দিবস উপলক্ষে দু-দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
ভয়েস পাবলিক স্কুল, মঙ্গলজোন কেটলি বাড়ি ক্যাম্পাসে ২০টি শাখার ২০০-রও বেশি শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হল শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাব্রতী জনাব আলহাজ্ব শাজাহান বিশ্বাস ও সেক্রেটারি ড: জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রশিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞ ড: কে.এ সাদাতের সঞ্চালনায় ১৫-১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় এই অভিনব ও মনোজ্ঞ ওয়ার্কশপ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত হালদার মহাশয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: রফিকুল ইসলাম মহাশয়।
প্রশিক্ষকরা তাঁদের বক্তব্যে আদর্শ শিক্ষকের গুণাবলী; আদর্শ, নৈতিক ও দক্ষ জাতি গঠন এবং বৃহৎ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করার বিষয়ে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।









