মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনের সুপার ক্লিন সাফাই অভিযান
স্বাস্থ্যকেন্দ্র–হাসপাতালজুড়ে পরিচ্ছন্নতার বার্তা
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
জেলা প্রশাসনের নির্দেশে ১৫ ও ১৬ নভেম্বর মুর্শিদাবাদ জুড়ে পালন করা হলো দুই দিনের ‘সুপার ক্লিন’ সাফাই অভিযান। জেলাশাসক নিতীন সিংহানিয়ার তত্ত্বাবধানে জেলার সমস্ত ব্লক, স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল ও মহকুমা হাসপাতালজুড়ে পরিচ্ছন্নতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব পরিসর তৈরির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।
এদিন জঙ্গিপুর মহাকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালেও সাফাই অভিযান চলে। এই অভিযানে নেতৃত্ব দেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন প্রমুখ জনপ্রতিনিধিগণ। পাশাপাশি তাঁরা রোগীদের অভাব, অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিন তাঁরা হাসপাতাল চত্বরে চারাগাছ রোপণ করেন।
লালবাগ মহকুমা হাসপাতালে সাফাই অভিযানের নেতৃত্ব দেন লালবাগের এসডিও ড. বনমালী রায়। তাঁর সঙ্গে অংশ নেন ইমাম–মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, লালবাগ থানার আইসি রজা সরকার-সহ প্রশাসনের বহু কর্মকর্তা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, আঙিনা ও চত্বর পরিষ্কার করার পাশাপাশি রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার উপর জোর দেওয়া হয়।
একই দিনে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালেও পালিত হয় সুপার ক্লিন অভিযান। নেতৃত্বে ছিলেন ডোমকলের এসডিও শুভঙ্কর বালা। হাসপাতালের প্রতিটি বিভাগে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেন কর্মকর্তারা।
জলঙ্গীর সাদিখান দেয়ার গ্রামীণ হাসপাতালে এই কর্মসূচির নেতৃত্ব দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. ওয়াসিম রেজা। সঙ্গে ছিলেন ব্লক প্রশাসনের অন্যান্য সদস্য ও ভিআরপি কর্মীরা। হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও রোগীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
খয়রামারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্রেও সাফাই অভিযান হয় পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাসের নেতৃত্বে। গ্রামবাসী, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নিয়ে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন।
দুই দিনের এই কর্মসূচি শেষে প্রশাসন ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সমাজ গঠনের অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের এই উদ্যোগ মুর্শিদাবাদজুড়ে পৌঁছে দিল স্পষ্ট বার্তা—পরিচ্ছন্নতা সবার দায়িত্ব।









