বারুইপুরে গ্রেফতার দুই বাইক চোর, উদ্ধার তিনটি মোটরবাইক
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বারুইপুর থানার পুলিশের তৎপরতায় পিয়ালী এলাকা থেকে গ্রেফতার হল দুই পেশাদার বাইক চোর। ধৃতদের নাম অয়ন মণ্ডল ও সৌমেন মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা দু’জনেই সুন্দরবন কোস্টাল এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া তিনটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ২১ জানুয়ারি উত্তর ভাগ এলাকার এক বাসিন্দা তাঁর মোটরবাইক চুরির অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ।
তদন্ত চলাকালীন পুলিশ ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হলেও দীর্ঘদিন তাদের খোঁজ মেলেনি। পরে গোপন সূত্রে খবর পেয়ে পিয়ালী এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা পিয়ালী এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত। সেখান থেকেই তারা বিভিন্ন এলাকায় বাইক চুরির পরিকল্পনা করত। চুরির সময় একজন মোটরবাইক নিয়ে পালাত, অন্যজন আশপাশে সতর্ক নজর রাখত। অভিযোগ, চুরি করা বাইকগুলি তারা সুন্দরবন এলাকায় বিক্রি করে দিত। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তারা শুধু বারুইপুর নয়, আশপাশের একাধিক থানার এলাকাতেও বাইক চুরির সঙ্গে জড়িত। এই চক্রে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।








