ব্রিটেন সফরে ট্রাম্প, লন্ডনে বিক্ষোভ
নতুন পয়গাম,
লন্ডন, ১৭ সেপ্টেম্বর:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ব্রিটেন পৌঁছেছেন। বুধবার লন্ডনের উইন্ডসর ক্যাসেল রাজপ্রাসাদে পৌঁছানোর পর ট্রাম্প দম্পতিকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। তাঁদেরকে স্বাগত জানান প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। এরপর মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ব্রিটিশ রাজা-রানির পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর ট্রাম্প ও রাজা তৃতীয় চার্লস সেনা অভিবাদন গ্রহণ করেন। তারপর ট্রাম্প ও মেলানিয়া প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে যান। রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ রাজা মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে মিলিত হন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবাদী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভের ডাক দেওয়ায় লন্ডনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আশা প্রকাশ করেছেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য, শুল্ক কমানো, ইউক্রেন এবং ইসরাইল ইস্যুতে আলোচনা করবেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে প্রথমবার ব্রিটেন সফরে গিয়েছিলেন।








