ভেনেজুয়েলায় অভুত্থানের চেষ্টা করেছেন ট্রাম্প: মাদুরো
নতুন পয়গাম, কারাকাস:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিস্ফোরক অভিযোগ করেছেন, মাদক পাচার বা চোরাচালানের অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত গুপ্তচর সংস্থা সিআইকে দিয়ে অভ্যুত্থানের চেষ্টা করছেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প বুধবার জানান, তিনি ভেনেজুয়েলায় সিআইএ-কে গোপনে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। খোদ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথা বিবেচনা করছেন। এটি একটি ‘নাটকীয় পদক্ষেপ’, যা ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌকাকে লক্ষ্যবস্তু করে চালানো সিরিজ হামলার বাইরে হবে।
কট্টর বামপন্থি ও মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্পের এহেন মন্তব্যের পর একে ‘সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থান’ বলে নিন্দা করেন। উল্লেখ্য, কয়দিন মাত্র আগেই ভেনিজের বিরোধী দলনেত্রী মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় বেজায় খুশি হন ট্রাম্প। মাচাদোকে গণতান্ত্রিক আন্দোলনের মুক্তিদূত বলে প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। মাদুরো বলেন, ট্রাম্প নিজে নোবেল পুরস্কার না পেয়ে যেখানে রুষ্ট, সেখানে মাচাদোর নোবেল জয়ে খুশি হওয়ার পিছনে রহস্য রয়েছে। ট্রাম্প চা্ইছেন, মাচাদোকে উসকানি ও সহযোগিতা দিয়ে সিআইএ-র মাধ্যমে ভেনেজুয়েলায় সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেশকে অচল করতে চান। কারণ, মাদুরোর একমাত্র অপরাধ হল, তিনি মার্কিন বিরোধী। এর আগে অভ্যুত্থান ঘটিয়ে ইরানে মোসাদ্দেক সরকারকে উৎখাত করেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের সব দেশেই বরাবর এরকম ষড়যন্ত্র ও চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা।
এদিকে শেষ খবরে জানা গিয়েছে, ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য সিআইএ-কে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার তিনি নিজেই এ তথ্য জানান। গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহজনক মাদকবাহী নৌকার দোহাই দিয়ে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে। যাতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। রাষ্ট্রসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা একে ‘বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন।








