“মৃত্যুপথযাত্রী ট্রাক মালিকগণ”—বীরভূমে রাজ্য ট্রাক অ্যাসোসিয়েশনের সম্মেলনে ক্ষোভের বিস্ফোরণ
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
বীরভূমে রাজ্য ট্রাক মালিকদের সম্মেলনে বক্তারা বর্তমান পরিস্থিতিকে “মৃত্যুপথযাত্রী” অভিহিত করেছেন। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে এবং বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পরিচালনায় মোহাম্মদ বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো রাজ্য ট্রাক অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সম্মেলন।
সম্মেলনের আয়োজন করেছিলেন বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ, তাঁর সঙ্গে জেলা ও ব্লকের নেতৃত্বরা। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সংগঠনের সভাপতি সুভাষচন্দ্র বোস, রাজ্য সাধারণ সম্পাদক সজল ঘোষ, সাধারণ সম্পাদক (সংগঠন) প্রবীর চ্যাটার্জি সহ রাজ্যের বিভিন্ন জেলা—জলপাইগুড়ি, মালদা, হুগলি প্রভৃতি জেলার ট্রাক অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং বহু ট্রাক মালিক।
প্রারম্ভিক বক্তৃতায় আনাস আহমেদ বর্তমান পরিস্থিতিতে ট্রাক মালিকদের দুর্দশার চিত্র তুলে ধরেন। এরপর একে একে বক্তারা ট্রাক মালিকদের নানা জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলেন। বিশেষ করে নো-এন্ট্রি জোন, বিভিন্ন ব্যারেজের ভগ্নদশা, অযথা চাঁদাবাজি, ওভারলোড সমস্যা এবং রাজ্যের রাস্তার বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তাদের অভিযোগ, আজকের দিনে ট্রাক মালিকদের “ATM কার্ড” হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।
সম্মেলনে এক সুরে জানানো হয়, দীর্ঘদিনের সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে ট্রাক মালিকরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। রাজ্যজুড়ে ট্রাক মালিকদের একত্রিত হয়ে পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।








