চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ নির্বাচন কমিশনের তরফে এখনো বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, দল এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তার আগেই চুঁচুড়ায় দেওয়াল লেখার কাজ শুরু করে দিল তৃনমূল। চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে দেয়াল লেখার ছবি এমনটাই দেখা যাচ্ছে। তারা ইতিমধ্যে জোরকদমে দেওয়াল লেখা শুরু করে দিয়েছে। দেওয়াল লেখা নিয়ে তড়িঘড়ি কেন, এই প্রশ্নে চুঁচুড়ার বর্তমান তৃনমূল বিধায়ক অসিত মজুমদার জানান, চুঁচুড়া বিধানসভার সাতটি পঞ্চায়েত অঞ্চল এবং একটি পুরসভা এলাকায় দেওয়াল লেখা চলছে। বিভিন্ন জায়গায় আগেই দেওয়াল দখল নেওয়া হয়েছে। এবার চলছে দেওয়াল লেখার পালা। তবে দেওয়ালে কোনো প্রার্থীর নাম লেখা হচ্ছে না। দল যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবে তখন তার নাম লিখে দেওয়া হবে। এদিকে, চুঁচুড়া বিধানসভায় তৃনমূলের কে প্রার্থী হবেন তা নিয়ে দলের অন্দরমহল থেকে বিরোধী শিবিরে জোর জল্পনা চলছে। প্রার্থী হিসাবে অনেকেরই নাম চর্চায় উঠে আসছে। এই বিষয়ে বিধায়ক বলেন, এখন যে নামই উঠে আসুক না কেন, ভাবতে তো দোষ নেই। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা স্বপন পালের দাবি, এখন দেওয়াল লিখে কোন লাভ হবে না। এবার মানুষের মনে লেখা হয়ে গেছে এবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে। সদ্য ঘোষিত মুখ্যমন্ত্রীর যুবসাথী প্রকল্প প্রসঙ্গে তীর্যক সুরে বলেন, যুবসাথীর জন্য শিক্ষিত বেকার যুবকদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভাতার প্রলোভনে দিয়ে শিক্ষিত যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে। পাল্টা অসিত বলেন, বিজেপি সরকার সব সময় মানুষকে লাইনে দাঁড় করে হেনস্থা করছে। কখনো আধারের লাইন, আবার কখনো নোটবন্দীর লাইন।এবার করল এস আই আর এর লাইন। মানুষ ভোটে এবার যোগ্য জবাব দেবে।








