বানারহাটে বন্যাদুর্গতদের পাশে তৃণমূল সাংসদ প্রকাশ চিক বড়াইক
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, বানারহাট:
বন্যার ক্ষত এখনও শুকোয়নি বানারহাটের লক্ষ্মীপাড়া চা-বাগান সংলগ্ন এলাকাগুলিতে। সেই দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। মঙ্গলবার তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ভুটান থেকে নেমে আসা জল হাতিনালা দিয়ে প্রবেশ করে বানারহাট ব্লকের বহু এলাকা প্লাবিত করেছিল। বিশেষ করে রেল কলোনি, কারগিলপাড়া ও লক্ষ্মীপাড়ার একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিন সাংসদ প্রকাশ চিক বড়াইক দুর্গত পরিবারগুলির হাতে চাল, ডাল, তেল, শিশু খাদ্য ও অন্যান্য শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরাও।
ত্রাণ পেয়ে খুশি স্থানীয়রা। তাঁদের দাবি, এই মানবিক উদ্যোগের পাশাপাশি প্রশাসনের উচিত সমস্যার স্থায়ী সমাধান করা। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, “প্রতিবারই ভুটানের জল নেমে এলে হাতিনালা দিয়ে এলাকা প্লাবিত হয়। এবার যেন এর স্থায়ী সমাধান করা হয়।”
সাংসদ প্রকাশ চিক বড়াইক জানান, “বন্যাদুর্গত মানুষের পাশে আমরা সবসময় আছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রশাসনকেও পদক্ষেপ করতে হবে।”








