বিজেপি কর্মী পরিবারের উপর হামলা ও শ্রীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
ভাঙড়ের রাজনৈতিক অস্থিরতা ফের নতুন মাত্রা পেল। আইএসএফ ও তৃণমূলের সংঘাতের পর এবার বিজেপি কর্মী পরিবারের উপর হামলা ও শ্রীলতাহানির অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ২ নম্বর ব্লকের পাচুড়িয়া গ্রাম। অভিযোগের আঙুল সরাসরি তোলা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা দীপঙ্কর নস্করের দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা নাগাদ মদ্যপ অবস্থায় দীপঙ্কর নস্কর ও তাঁর অনুগামীরা বিজেপি কর্মী সনত নস্করের বাড়ির সামনে গিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন। প্রতিবাদ করতেই হঠাৎ শুরু হয় হামলা। অভিযোগ, সনত নস্করের স্ত্রীকে শুধু মারধরই করা হয়নি, শ্রীলতাহানিও করা হয়েছে। বাধা দিতে গেলে আক্রান্ত হন তাঁর মেয়েসহ পরিবারের আরও একজন সদস্য।
আহত তিনজনকে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত পরিবারের দাবি, বিজেপির রাজনীতি করার অপরাধেই তাঁদের বারবার টার্গেট করা হচ্ছে। এমনকি এর আগে একই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল বলেও জানান তাঁরা।
ঘটনার পর পোলেরহাট থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে আক্রান্ত পরিবার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।








